ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাকা না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন, বাঁচাতে গিয়ে দগ্ধ মা-বাবা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
টাকা না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন, বাঁচাতে গিয়ে দগ্ধ মা-বাবা

মানিকগঞ্জ সদর থানা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে জনি বিশ্বাস (২৫) নামের এক তরুণ আত্মহত্যার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তার বাবা, মা ও বড় ভাই। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

এ ঘটনায় জনিসহ তার বাবা শামছুল বিশ্বাস (৬৫), মা মাফিয়ারা বেগম (৫৫) ও বড় ভাই মাসুম বিশ্বাস (৩৫) দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চান। তবে বাবা টাকা দিতে চাননি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জনি ঘরের ভেতর নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মা, বাবা ও ভাই দগ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যার পর তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন বলেন, “জনি মাদকাসক্ত- এলাকায় অনেকে জানেন। মা-বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে বাবা, মা ও ভাই দগ্ধ হয়েছেন। জনির শারীরিক অবস্থা গুরুতর।”

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ওই ঘটনার বিষয়ে তারা জেনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।

ঢাকা/চন্দন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়