ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁওয়ে ৫ জনকে কুপিয়ে জখম, যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
সোনারগাঁওয়ে ৫ জনকে কুপিয়ে জখম, যুবক আটক

অভিযুক্ত আমিন মিয়া (বাঁ দিকে)

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে পাঁচজনকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে কাচঁপুর এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী খবর পেয়ে অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

আহতরা হলেন- নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা কাচঁপুরের রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবক আমিন মিয়া কাচঁপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। 

আরো পড়ুন:

পুলিশ ও এলাকাবাসীরা জানান, রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নিরব মিয়ার একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় আমিন মিয়াকে সন্দেহ করা হয়। পরে নিরবসহ ৫-৭ জন তার কাছে মোবাইল ফেরত চেয়ে কথা বলতে যান। একপর্যায়ে আমিন মোবাইল দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠে নিয়ে যায়। সেখানে বাকবিতণ্ডার জেরে তিনি ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে এলাকাবাসী খবর পেয়ে আমিন মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত নিরব মিয়ার খালা শিউলি বাদী হয়ে রাত ৩টার দিকে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ঢাকা/অনিক/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়