ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান

মিরপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে আটজন চিকিৎসক যোগ দিয়েছেন।

কুষ্টিয়ার মিরপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একসঙ্গে আটজন নতুন চিকিৎসক যোগ দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরো পড়ুন:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন চিকিৎসকের পদ থাকলেও এতদিন সেখানে কর্মরত ছিলেন মাত্র চারজন। সীমিত জনবল নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। চিকিৎসক স্বল্পতা থাকা সত্ত্বেও সেবার মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন তিনি ও তার সহকর্মীরা।

দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হলেও নতুন আটজন চিকিৎসকের যোগদানে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন চিকিৎসকদের যোগদান উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে তাদের বরণ করে নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছায় সহকর্মী চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বাগত জানান।

উপজেলার সচেতন মহল মনে করছেন, একসঙ্গে আটজন চিকিৎসকের যোগদান মিরপুরবাসীর জন্য বড় স্বস্তির খবর। এতে করে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে এবং রোগীরা আগের চেয়ে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা পাবে। 

ঢাকা/কাঞ্চন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়