ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূল হোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূল হোতা গ্রেপ্তার

কখনো র‌্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত একটি চক্র। এ চক্রের মূল হোতা সজীব ভুঁইয়া ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুটি গুলির খোসা ও ৪০ পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১ সিপিএসসির কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার সজিব ভুঁইয়া জালকুড়ি এলাকার দুলাল ভুঁইয়ার ছেলে। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ এর আশপাশের এলাকায় ডিবি ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করত। তার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আছে। সোর্স বাবু বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দেয়। সে কখনো নিজেকে পুলিশ বা র‌্যাবের সোর্স হিসেবে পরিচয় দেয়, আবার কোথাও কোথাও নিজেকে ডিবি, র‌্যাবের অফিসার হিসেবে পরিচয় দেয়। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। চাঁদা না দিলে র‌্যাব অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। সে বিভিন্ন র‌্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা করে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে।

সোর্স বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়