ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেকের ডাকের হ্যাটট্রিকের ম্যাচে ভারতের প্রত্যাশিত জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
অভিষেকের ডাকের হ্যাটট্রিকের ম্যাচে ভারতের প্রত্যাশিত জয়

টানা তিন ম্যাচ জিতে আগেই সুপার এইট নিশ্চিত করে রাখা ভারতের জন্য আহমেদাবাদের আজকের ম্যাচটি অনেকটাই নিয়ম রক্ষার। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও তাদের নিশ্চিত। হারলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষেই থাকবে। তবুও নেদারল্যান্ডসকে কোনো ছাড় ছিল না ভারত। ১৭ রানে ডাচদের হারিয়ে শীর্ষস্থান মজবুত রেখেছে। 

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ভারত ৬ উইকেটে ১৯৩ রান তোলে। জবাব দিতে নেমে নেদারল্যান্ডস ৭ উইকেটে ১৭৬ রানের বেশি করতে পারেনি। 

ম্যাচে ফের আলোচনায় ভারতের ওপেনার অভিষেক শর্মা। টস জিতে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই উইকেট হারায় ভারত। অভিষেক শর্মা আবারও ডাকের তিক্ত স্বাদ পান। বাঁহাতি ব্যাটসম্যানকে বোল্ড করেন আরিয়ান দত্ত। এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিরুদ্ধেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ২০২৬ সালে তার ব্যাটে পঞ্চম ডাকের ইনিংস এটি।

শুরুর সেই বিপর্যয়ের পরও ভারত পাওয়ার প্লে’তে ৫১ রান তুলে নেয়। হারায় আরো ১টি উইকেট। ইশান কিশান ৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করে আরিয়ান দত্তের দ্বিতীয় শিকার হন।  

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব। তবে প্রত্যাশিত ঝড় ছিল না তাদের ব্যাটে। ২৮ বলে ৩০ রান আসে তাদের জুটিতে। সব হিসেব পাল্টে যায় শিভাদ দুবে ক্রিজে আসার পর। ৩১ বলে ৬৬ রান করে ম্যাচের চিত্র পাল্টে দেন তিনি। ৪টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান। ৭-১৫ ওভারে ভারত ৬৭ রান তুলে। কিন্তু শেষ ৫ ওভারেই মেন ইন ব্লুদের রান ৭৫। 

হার্দিক পান্ডিয়া দুবের সঙ্গে জুটি বাঁধেন। ২১ বলে হার্দিক ৩০ রান করেন। কোনো বাউন্ডারি ছিল না তার ব্যাটে। হাঁকিয়েছেন ৩ ছক্কা। দুবের ইনিংসটিও ছিল চমকপ্রদ। প্রথম ১০ বলে নেন ৫ রান। ১১-২০ বলে আসে ২৭ রান। পরে ২১-৩০ বলে তুলেন ৩৪ রান। ৩১তম বলে ফন ভিকের বলে আউট হন। 

নেদারল্যান্ডসের সেরা বোলার ছিলেন ভিক। ৫৬ রানে ৩ উইকেট নেন। আরিয়ান পেয়েছেন ২ উইকেট। 
লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের শুরুর চার ব্যাটসম্যানই রান পেয়েছেন। মাইকেল লেভেট ২৪, ম্যাক্স ও’দউদ ২০, বাস ডি লিড ৩৩ ও কলিন আকারমান ২৩ রান করেন। তারা কেউ ইনিংস বড় করতে না পারায় নেদারল্যান্ডসের পরাজয় শুরুতেই নিশ্চিত হয়ে যায়। তবে শেষ দিকে লড়াই ছাড়েনি তারা। লিয়ন চাচেটের ২৬ ও নোয়া কিউসের ২৫ রানে কিছুটা আশা জেগে উঠে তাদের। কিন্তু লক্ষ্য বড় তাড়ায় শেষ হাসিটা হাসা হয়নি তাদের। 

বল হাতে বরুণ চক্রবর্তী ১৪ রানে ৩ উইকেট পেয়েছেন। ৩৫ রানে ২ উইকেট নেন শিভাম দুবে। 

অলরাউন্ড পারফরম্যান্সে দুবে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়