বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহষ্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে তাকে হত্যা করা হয়। মিলন একই গ্রামের দিলবরের ছেলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য জানান।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে দাঁড়িয়ে ছিল। এ সময় ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জন দুর্বত্ত এসে তাকে ছরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মিলনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “কী ঘটনায় মিলনকে হত্যা করা হয়েছে তা এখনই বলতে পারছি না। তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ অভিযানে আছে। বিস্তারিত পরে জানাতে পারব।”
ঢাকা/এনাম/মাসুদ