এখন ভারত আমাদের আর গুরুত্বই দেয় না: আমির
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের একটি দৃশ্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো পাকিস্তানকে হারিয়ে নিজেদের আধিপত্য জারি রাখল ভারত। গত ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৬১ রানে উড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের পর বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে ভারতের ব্যবধান দাঁড়াল ৮-১।
২০০৭ সালের প্রথম আসর থেকে দুই দল মুখোমুখি হলেও পাকিস্তান এখন পর্যন্ত জিততে পেরেছে মাত্র একবার। সামগ্রিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও চিত্র প্রায় একই। ১৭ ম্যাচে ১৪ জয়ে ভারত অনেকটাই এগিয়ে।
এই হার নিয়ে সরব হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তার মতে, এখনকার ভারতীয় দল পাকিস্তানকে আর আগের মতো প্রতিপক্ষই মনে করে না।
জিও নিউজে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, “নব্বইয়ের দশকের ভারতীয় দল আর এখনকার দলের মধ্যে পার্থক্য আছে। তখন ভারত পাকিস্তানের কাছে হারার ভয় পেত। এখন তারা আমাদের গুরুত্বই দেয় না। আমাদের উইকেট পড়লেও উদ্যাপন করে না। জিতলেও বাড়তি উচ্ছ্বাস নেই। এটাই পার্থক্য।”
২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে দুই দলের ছয়টি লড়াই হয়েছে, সবকটিতেই জয় ভারতের। ফলে আত্মবিশ্বাসের পাল্লা যে একদিকে হেলে আছে, সেটি অস্বীকার করার উপায় নেই।
সাম্প্রতিক ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৫ রানে পৌঁছে যায় ভারত। ধীরগতির উইকেটে ইশান কিশানের ৪০ বলে ঝলমলে ৭৭ রানের ইনিংস ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। দশটি চার ও তিনটি ছক্কায় সাজানো সেই ইনিংসের সঙ্গে শেষদিকে শিভম দুবের ১৭ বলে ২৭ রান দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ এনে দেয়।
জবাবে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের চতুর্থ বলেই হার্দিক পান্ডিয়া প্রথম আঘাত হানেন। এরপর যশপ্রীত বুমরাহ এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে টপ অর্ডার ভেঙে দেন। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
৬১ রানের এই জয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
পরিসংখ্যান কখনও মিথ্যে বলে না। তবে পরিসংখ্যানের বাইরেও যে মানসিক ব্যবধান তৈরি হয়েছে, সাবেক তারকার মন্তব্যে সেটিই যেন ফুটে উঠল। পাকিস্তানের জন্য এখন চ্যালেঞ্জ শুধু স্কোরবোর্ডে নয়, আত্মবিশ্বাসেও। আর ভারতের জন্য? জয় যেন এখন নিয়মে পরিণত হয়েছে।
ঢাকা/আমিনুল