রাজবাড়ীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজবাড়ী পৌর এলাকার মধ্যে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের বিনোদপুর ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জাহিদ হাসান ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে। তার মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে জাহিদ বাড়ির অদূরে সাহেব আলী মনোর দোকানে যায়। তখন কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। শ্রমিকের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ভাতিজা শিহাব ফকীর বলেন, তার চাচার সঙ্গে কারো শত্রুতা ছিল না। সোমবার দুই ব্যক্তি বাড়িতে এসে তার চাচার কাছে পাওনা আড়াই হাজার টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। প্রকাশ্যে কে বা কারা এমন ঘটনা ঘটালো তা তারা জানেন না। তিনি এ হত্যার বিচার দাবি করেন।
নিহতের বাবা মাহাতাব ফকীর বলেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার ছেলে বাড়ির পাশের দোকানে গেল। আর কিছুক্ষণের মধ্যে জানতে পারলাম, তাকে কুপিয়েছে। আমার ছেলের সঙ্গে কারো ঝামেলা ছিল না।’’ তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নুর ইসলাম জানান, দুপুর ১টার দিকে জাহিদ হাসানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ঢাকা/রবিউল/বকুল