রংপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে আটক সাবেক শিক্ষক
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে ঘুষ দিতে এসে আটক হয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কচাকাটা হাই-স্কুলের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে পুলিশের হাতে তুলে দেন।
রোকসানা বেগম সাংবাদিকদের বলেছেন, “আটক ওই ব্যক্তি শিক্ষক ছিলেন বলে আমাকে জানিয়েছেন। রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কচাকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওভুক্তির বিষয়ে কথা বলতে গত সপ্তাহেও আমার দপ্তরে এসেছিলেন। আজ আবারও এসে আমার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ব্যাগে থাকা ৮ লাখ টাকা আমাকে নেওয়ার জন্য বলেন এবং এমপিওভুক্তির জন্য কাজ করতে অনুরোধ করেন। বিষয়টি মেনে নিতে না পেরে পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।”
এ বিষয়ে মাইদুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক, দুজন অফিস সহকারী এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত করতে জমি বন্ধক রেখে টাকা নিয়ে আজ আমি এখানে এসেছিলাম। কাজটি করতে যদি টাকার প্রয়োজন হয়, তাহলে টাকা দিয়ে করব, এমন চিন্তা থেকে এসেছিলাম। তবে, ম্যাডামকে ঘুষ দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে।”
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান বলেছেন, “জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আমিরুল/রফিক