বালুমহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিহত মিরাজ হোসেন
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি ও কুপিয়ে মিরাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি তেওতা বালুমহালের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে বালুমহালের ড্রেজারে বসে হিসাব-নিকাশ করছিলেন মিরাজ। এসময় স্পিডবোটে করে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী কাওসার আলম জানান, সরকারি ইজারায় বালুমহালটি পরিচালিত হচ্ছিল। কয়েকদিন আগে তিনি অজ্ঞাত নম্বর থেকে হত্যার হুমকি পান এবং এ বিষয়ে শিবালয় থানায় একটি সাধারণ ডায়রি করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ধারণা করছি বালু ব্যবসাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন: নদীপাড়ের আতঙ্ক ‘বালুমহাল
ঢাকা/চন্দন/ফিরোজ
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর