ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায়  ৩ জন নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:০২, ৪ এপ্রিল ২০২৬
ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায়  ৩ জন নিহত

ঢাকার যাত্রাবাড়ী ও ওয়ারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) এসব দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ কাঁচাবাজারের সামনে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (৬০) ও অজ্ঞাতনামা (৫০) নামে দুই ব্যক্তি নিহত হন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, বেপরোয়া একটি ট্রাক অটোরিকশা ধাক্কা দিলে দুই যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

অন্যদিকে, ওয়ারীতে একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে জরুরি বিভাগের ওয়ানস্টপ এমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বেপরোয়া একটি গাড়ি যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়