ধর্ষণে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী কিশোরী, সৎ বাবাকে পুলিশে দিল জনতা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত আব্দুল হেকিম
ময়মনসিংহের নান্দাইলে সৎ বাবার ধর্ষণে বাকপ্রতিবন্ধী কিশোরীর (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সৎ বাবা আব্দুল হেকিমকে (৬৪) পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আব্দুল হেকিম ওই গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল হেকিম প্রায় 8 বছর আগে তৃতীয় বিয়ে করেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের এক বিধবা নারীকে। ওই নারীর সাথে আগের সংসারের বাকপ্রতিবন্ধী এক মেয়ে ছিল। ওই মেয়েকে নিয়েই তিনি নতুন স্বামীর ঘরে আসেন। কিছুদিন যেতে না যেতেই নারীর স্বামী বাকপ্রতিবন্ধী মেয়েকে বিভিন্নভাবে যৌন হয়রানি শুরু করে। ঘটনার বাধা দিলে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়। স্বামীর এমন ঘটনা লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারেননি।
ওই নারী জানান, বেশ কিছুদিন ধরে তার মেয়েকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছে। পরে ঘটনাটি ধরা পড়লে আর করবে না বলে ক্ষমা চায়। সম্প্রতি মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন হয়। পরে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় সে অন্তঃসত্ত্বা। এমতাবস্থায় বাধ্য হয়ে ওই নারী প্রতিবেশীর কাছে নিজের স্বামীর ঘটনা বলেন। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আব্দুল হেকিমকে ধরে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হেকিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বাকপ্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (৪ এপ্রিল) আসামিকে আদালতে পাঠানো হবে। একইসঙ্গে ভিকটিম কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ঢাকা/মিলন/ফিরোজ