ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:২২, ৪ এপ্রিল ২০২৬
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না।

তিনি বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে। যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এজন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমান নির্ভর কোনো সংবাদ প্রকাশ কোনোমতেই ঠিক হবে না।

আরো পড়ুন:

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, পাবনা প্রেসক্লাব দেশের মধ্যে ঐতিহ্য বহন করে। এদের ভাতৃপ্রতিম সম্পর্ক সারাদেশের দৃষ্টান্ত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেসক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তিনি আরও জানান, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর তারেক রহমানের ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমান রুমী, ড. নরেশ মধু প্রমুখ।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এর আগে শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী ‌‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সব অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে।

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান প্রমুখ।

ঢাকা/শাহীন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়