‘লাক্স সুপারস্টার ২০২৫’ বিজয়ী বিদুষী বর্ণিতা যা যা পেলেন
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
বিদুষী বর্ণিতা
‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মুকুট জিতলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। দীর্ঘ সাত বছর পর আবারও এই জনপ্রিয় প্রতিযোগিতার বিজয়ী পেল বাংলাদেশ, আর সেই গৌরবময় মুহূর্তটি ধরা দিল এক জমকালো আয়োজনে। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপক সৌমিক আহমেদ যখন বিজয়ীর নাম ঘোষণা করেন, দর্শকদের কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হয়—বর্ণিতা।
বর্ণিতা বলেন, “পুরস্কার ঘোষণার সময় আমার পা এত কাঁপছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। যখন এই যাত্রা শুরু করি, তখন ভাবিনি এত দূর আসতে পারব। আল্লাহর রহমত, মানুষের ভালোবাসা এবং নিজের পরিশ্রমই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।’’
কী কী পেলেন বিজয়ী
এই জয়ের মাধ্যমে বর্ণিতার জন্য খুলে গেছে নতুন সম্ভাবনার দ্বার। তিনি পেয়েছেন—
- একটি বিলাসবহুল গাড়ি
- নির্মাতা শিহাব শাহীন-এর ওয়েব কনটেন্টে কাজের সুযোগ
- ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের সুযোগ
এই প্রসঙ্গে বর্ণিতা বলেন, “রাফী স্যার শুরু থেকেই আমাদের মেন্টর ছিলেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অবিশ্বাস্য।”
বর্ণিতার জীবনে এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং দীর্ঘদিনের এক আক্ষেপের অবসান।তিনি বলেন, “জীবনে কখনো প্রথম হতে পারিনি। সব সময় দ্বিতীয় বা তৃতীয় হয়েছি। কোথাও না কোথাও প্রথম হওয়ার ইচ্ছে ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হলো।”
বিজয়ের আনন্দের মাঝেও দায়িত্ববোধ স্পষ্ট বর্ণিতার কথায়। তার ভাষায়, “এই ট্রফি শুধু পুরস্কার নয়, এটি একটি বড় দায়িত্ব। সবার ভালোবাসার মর্যাদা রাখতে চাই এবং সামনে আরও এগিয়ে যেতে চাই।”
২০০৫ সালে শুরু হওয়া ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত চলার পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ আয়োজন হয়েছিল ২০১৮ সালে। সাত বছরের বিরতির পর নতুনভাবে শুরু হয় এর দশম আসর। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে টেলিভিশনে সম্প্রচার শুরু হয়। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং রায়হান রাফী। চূড়ান্ত পর্বে অংশ নেন পাঁচ প্রতিযোগী—আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল। প্রথম রানারআপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ আমিনা ইসলাম।
ঢাকা/লিপি
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ