ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৯ মাস পর গোপালগঞ্জে আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
১৯ মাস পর গোপালগঞ্জে আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

দীর্ঘ প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ের সামনে গিয়ে পতাকা টাঙানো দেখা গেছে।  

৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, জেলা শহরের ব্যাংকপাড়া এলাকায় বন্ধ থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে একটি লাঠিতে করে জাতীয় পতাকা টাঙিয়ে দিচ্ছেন কয়েকজন। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেয়। তবে এটি কারা টাঙিয়েছে, কখন টাঙিয়েছে, এটা জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলায় গ্রেপ্তারের ভয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা-ঢাকা দিয়ে আছে। দীর্ঘ ১৯ মাস গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে জেলায় আলোচনা হচ্ছে।

গোপালগঞ্জের অতিরক্তি পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সারোয়ার হোসেন জানান, এ বিষয় তাদের জানা নেই। তিনি বিষয়টি মাত্র শুনলেন। খতিয়ে দেখা হবে। 

ঢাকা/বাদল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়