ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় গোপনে ইউএনওর ভিডিও রেকর্ড, থানায় জিডি

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
গাইবান্ধায় গোপনে ইউএনওর ভিডিও রেকর্ড, থানায় জিডি

গাইবান্ধার পলাশবাড়ীতে মোবাইল ফোনে গোপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহম্মদের ভিডিও রেকর্ড করার অভিযোগে উম্মে মাহাবুবা সোমা নামের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পলাশবাড়ী উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে এ জিডি করেন। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউএনওর কক্ষে নিজের মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করছিলেন পলাশবাড়ী উপজেলার সাঁতার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহাবুবা সোমা। বিষয়টি বুঝতে পেরে তার মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়। পলাশবাড়ী থানা পুলিশ ওই প্রধান শিক্ষকের মোবাইল থেকে সেই ভিডিও মুছে ফেলেন।

এ বিষয়ে জানতে উম্মে মাহাবুবা সোমার মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার হোসেন খান বলেছেন, “প্রধান শিক্ষককে থানায় নিয়ে এসে সব ভিডিও ডিলিট করা হয়েছে। তিনি কেন ভিডিও করেছেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি। এ ঘটনায় একটি জিডি করেছে উপজেলা প্রশাসন। তদন্ত করে ভিডিও করার কারণ উদঘাটন করা হবে।”

পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেন তিনি এ কাজ করেছেন, তা জানতে পুলিশ কাজ করছে। 

ঢাকা/মাসুম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়