কূটনীতিতে সর্বোচ্চ গুরুত্ব পাবে জাতীয় স্বার্থ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশের ওপর নির্ভরশীল হবে না, বরং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবারের মতো নিজ জেলা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, “বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো— দেশের মেরুদণ্ড সোজা রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্থিতিশীল এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। কোনো বিশেষ রাষ্ট্রের প্রতি অতিনির্ভরশীলতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতেই আমরা বিদেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে চাই।”
প্রবাসী ও বিদেশ গমনেচ্ছুদের ভোগান্তি লাঘবে সরকার কাজ করছে, জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ভিসা-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে আমরা অত্যন্ত আন্তরিক। বিভিন্ন দেশের সাথে স্থগিত হয়ে থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত সচল করতে কার্যকর ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে নগরকান্দায় পৌঁছালে প্রতিমন্ত্রীকে নগরকান্দা থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এর পর তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে যান এবং প্রয়াত বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/তামিম/রফিক