নিখোঁজ গৃহবধূর মরদেহ মিলল শীতলক্ষ্যায়
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম বৃষ্টি আক্তার (১৮)। তিনি উপজেলার ভাংনাহাটি গ্রামের বাসিন্দা এবং সম্রাট ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন বৃষ্টি। এ ঘটনায় পরদিন তার স্বামী শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়, শুক্রবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।”
ঢাকা/রফিক/রাজীব