তিনজনকে চাপা দিয়ে দোকানে ঢুকল লরি
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কে তেলবাহী লরির চাপায় শফিকুর রহমান (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলেসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বানদত্ত ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মমিনুল হকের ছেলে।
আহতরা হলেন- শফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৩), সাইদুর রহমান (২০) এবং স্থানীয় ব্যবসায়ী সোহাগ।
স্থানীয় সূত্র জানায়, সকালে শফিকুর তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি তেলবাহী লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তার দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুর রহমান মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুর রহমানের দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “চালকসহ তেলবাহী লরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/সুজন/রাজীব