ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ছিনতাই করা স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬  
চট্টগ্রামে ছিনতাই করা স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (সিএমপি ডিবি) বিশেষ অভিযানে এক প্রবাসফেরত ব্যক্তির কাছ থেকে ছিনতাই করা স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিএমপি ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, মামলার বাদী প্রবাসফেরত শফিউল আলম গত ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৫ মিনিটে দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে একটি ভাড়া গাড়িতে করে বায়েজিদ বোস্তামী থানাধীন নিজ বাসার উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টা ১০ মিনিটের দিকে খুলশীর টাইগারপাস থেকে লালখান বাজারের মধ্যবর্তী ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের ওপর পৌঁছালে একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে। দুর্বৃত্তরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে বাদীর কাছ থেকে ৫ ভরি ১৫ আনা স্বর্ণালঙ্কার, একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ দিরহাম ও টাকা জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় খুলশী থানায় মামলা করা হয়।

মামলার ছায়া তদন্তে সিএমপি ডিবি দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার কাজির দেউরি এলাকা থেকে মো. সোহেল ওরফে সোহেল রানাকে (৪০) গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর বাজারে আমানত শাহ জুয়েলার্স থেকে স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টারের বন্ধু সুন্দর জুয়েলার্স থেকে ছিনতাই করা ৬৯ দশমিক ৩৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সোহেল রানা পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে বিদেশফেরত প্রবাসীদের টার্গেট করে ডিবি পরিচয়ে ছিনতাই করত। ছিনতাই করা স্বর্ণ উত্তম চৌধুরীর মাধ্যমে বিক্রি করা হতো। সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ তিনটি মামলা আছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়