ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে দেশে ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২৩:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬
দেশে দেশে ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন সুপ্রিম কোর্টের

দেশে দেশে একতরফাভাবে ব্যাপক হারে পাল্টা শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন। এর মধ্য দিয়ে অবৈধ ঘোষিত হলো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়া ট্রাম্পের শুল্কনীতি, যা তিনি জবরদস্তি করে বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দিয়েছেন।

আরো পড়ুন:

বাংলাদেশও এই পাল্টা শুল্কের বিড়ম্বনার মধ্যে রয়েছে, যা নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেনদরবার করতে দেখা গেছে। প্রথম দফায় ২০ শতাংশ এবং সম্প্রতি আরো ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ পাল্টা শুল্কের চাপের মুখে রয়েছে দেশ। তবে ট্রাম্প বাংলাদেশের ওপর কিছুটা কম শুল্প আরোপ করায় এর কূটনৈতিক কৃতিত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলছে, এ ধরনের একচেটিয়া শুল্ক আরোপের এখতিয়ারই নেই ট্রাম্পের। 

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্পের আরোপ করা শুল্ককে আইনের লঙ্ঘন বললেও এর আওতায় যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত আদায় করা ১৩০ বিলিয়ন ডলারের কী হবে, সে বিষয়ে রায়ে কিছু বলা হয়নি।  

বিবিসি লিখেছে, এই রায়টি সম্ভবত সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের সুপ্রিম কোর্টে ট্রাম্পের দ্বিতীয় আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতি। অবশ্য গত বছর অভিবাসন, স্বাধীন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত এবং সরকারি ব্যয়ে ব্যাপকভাবে কাটছাঁটের মতো বেশ কিছু জরুরি মামলায় বিচারপতিদের রায় প্রেসিডেন্ট ট্রাম্পের গৃহীত পদক্ষেপের পক্ষে গিয়েছিল। 

ট্রাম্প দীর্ঘ দিন বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগ এবং আলোচনার হাতিয়ার হিসেবে শুল্ককে ব্যবহার করছেন। তবে দ্বিতীয় মেয়াদে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জরুরি অর্থনৈতিক ক্ষমতা নজিরবিহীনভাবে ব্যবহার করছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে ছিল ‘পাল্টা শুল্ক’। এ ছাড়া মেক্সিকো, কানাডা ও চীনের ওপর আলাদা শুল্ক আরোপ করা হয়েছে।

প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে রায় শুনিয়েছেন। মার্কিন সুপ্রিম কোর্টের ৬ জন বিচারক ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ মনে করেন। অবশ্য তিনজন বিচারক সেটি বৈধ মনে করেন। 

সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের রায়ে বলা হয়েছে, “আইনকে ছাড়িয়ে গেছে শুল্ক।” 

রায়ে বলা হয়েছে, “প্রেসিডেন্ট পরিমাণ, সময়কাল এবং সুযোগে সীমাহীন ও একতরফা শুল্ক আরোপের অসাধারণ ক্ষমতা দাবি করেছেন। তার ঘোষিত কর্তৃত্বের ব্যাপকতা, ইতিহাস ও সাংবিধানিক প্রেক্ষাপটের আলোকে এটি প্রয়োগের জন্য তাকে স্পষ্টভাবে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।”

আদালত বলেছেন, ট্রাম্প যে জরুরি কর্তৃপক্ষের ওপর নির্ভর করার চেষ্টা করেছিলেন, ‘তা ব্যর্থ হয়েছে।’

বিচারপতি অ্যামি কোনি ব্যারেট, নিল গোরসাচ রবার্টস ও আরেকজন তিন উদারপন্থি বিচারপতির সঙ্গে যোগ দেন। বিচারপতি ক্লারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানাঘ ভিন্নমত পোষণ করেন।

২০২৫ সালের শুরুতে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ভারত, চীন, কানাডা ও মেক্সিকোসহ প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বা তারও বেশি পাল্টা শুল্ক আরোপ করেন। একে তিনি ‘লিবারেশন ডে’ ট্যারিফ হিসেবে অভিহিত করেন। 

আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি। তবে ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বড় চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে এই রায়কে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এই রায়ের পর কী হতে যাচ্ছে, সে বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই-পার্থেননের প্রধান অর্থনীতিবিদ গ্রগরি ডাকো বলেছেন, “আদালতের এই রায় অনুযায়ী গড় শুল্ক হার ১৬ দশমিক ৮ শতাংশ থেকে ৯ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে। তবে এই কমাটা সাময়িক সময়ের জন্য হতে পারে। কারণ, নতুন করে ব্যাপকহারে শুল্ক আরোপের জন্য অন্য পথ খুঁজতে পারে ট্রাম্প প্রশাসন।”

ঢাকা/শাহেদ/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়