শ্রীনগরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেউটখালী এলাকায় রেললাইন অতিক্রমের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। জিয়াউর শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।
ফায়ার সার্ভিস ও নিহতের সহকর্মীরা জানান, আজ সকালে জিয়াউর একটি খাল-খনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন। কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় তাকে ট্রেন ধাক্কা দেয়। পরে শ্রীনগর ফায়ায় সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জিয়াউরকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফিস ইসলাম জানান, সকাল ৯টা ১৫ মিনিটে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা/রতন/মাসুদ