আ.লীগ নেতার জামিনের প্রতিবাদ
বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, বিক্ষোভ
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা আদালত বর্জন করে বিক্ষোভ করেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুছকে জামিন দেওয়ার প্রতিবাদে চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করার ঘোষণা দিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাফাত উল্লাহর অপসারণ দাবি করেন। তাকে অপসারণ না করা পর্যন্ত আদালতের কার্যক্রম বর্জন করার ঘোষণা দেন আইনজীবী সমিতির নেতারা।
বরিশাল জেলা ও মহানগর বিএনপির অফিসে ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের মারধর করার মামলায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তারুকদার মো. ইউনুছকে জামিন দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাফাত উল্লাহ।
বিষয়টি নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর জের ধরে তারুকদার মো. ইউনুছকে জামিন দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বিক্ষোভে উল্লেখিত বিচারককে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে বলে দাবি করে আইনজীবীরা বলেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন করার এজেন্ডা নিয়ে তিনি বরিশালে এসেছেন। উল্লেখিত বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত তারা আদালত বর্জন করবেন।
এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিম উদ্দিন আহম্মেদ পান্না, জেলা পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ, আইনজীবী ফোরামের সাবেক সভাপতি মহসীন মন্টু, আইনজীবী সমিতির সম্পাদক মীর্জা রিয়াজ হোসেন প্রমুখ।
ঢাকা/পলাশ/বকুল