হাইওয়েতে ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা।
নিহতরা হলো— নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)। নওশের লিটন এঞ্জেলস সেমিনারি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী এবং মিহাদ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, একটি নম্বরবিহীন আরটিআর মোটরসাইকেল এশিয়ান হাইওয়ে দিয়ে চলছিল। এ সময় ঢাকা মেট্রো-ট-১৪-১১৮৬ নম্বরধারী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই কিশোরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা/রফিক সরকার/রফিক