ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের প্রস্তাব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:৫৭, ১৫ এপ্রিল ২০২৬
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের প্রস্তাব রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সমস্যা সমাধানে নিজেদের প্রস্তাব পুনরায় পেশ করেছে রাশিয়া। বুধবার (১৫ এপ্রিল) রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান চাইলে রাশিয়া তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে জ্বালানি গ্রেডে (বিদ্যুৎ উৎপাদনের উপযোগী) রূপান্তর করতে অথবা সেগুলো সংরক্ষণ করতে সহায়তা করতে পারে।

আরো পড়ুন:

তাসের প্রতিবেদন অনুযায়ী লাভরভ বলেন, “ইরানের শান্তিপূর্ণ সমৃদ্ধকরণের অধিকার ক্ষুণ্ণ না করে এবং তাদের কাছে গ্রহণযোগ্য উপায়ে এই মজুদ সমস্যার সমাধান করা সম্ভব।”

ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বর্তমানে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার একটি প্রধান বিতর্কিত বিষয়। কারণ, এই ধরনের ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির আগের ধাপ হিসেবে বিবেচিত হয়।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা সিএনএন-কে বলেছেন, যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানকে অবশ্যই তাদের সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে এবং মাটির নিচে পুঁতে রাখা আনুমানিক ৪৬০ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারের ওপর জোর দিয়েছে।

গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষই সমৃদ্ধকরণ স্থগিত করার প্রস্তাব দিয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে জানান, তিনি কেবল ‘স্থগিত’ নয়, বরং ইরানের এই কার্যক্রমের সম্পূর্ণ ‘সমাপ্তি’ দেখতে চান।

এর আগে ২০১৫ সালে ইরানের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের পরমাণু চুক্তি কার্যকর হওয়ার সময়ও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সহায়তা করেছিল।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানান, ইরান যদি শান্তি আলোচনার অংশ হিসেবে ইউরেনিয়াম হস্তান্তরের সিদ্ধান্ত নেয়, তাহলে রাশিয়া তা গ্রহণ করবে। তবে তিনি তেহরানের দীর্ঘদিনের অবস্থানের পক্ষে সুর মিলিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার রয়েছে।

চীন সফর শেষে লাভরভ আরো জানান, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে যেসব দেশ জ্বালানি সংকটে ভুগছে, রাশিয়া চীনসহ সেই দেশগুলোকে জ্বালানি সরবরাহের প্রস্তাব দিচ্ছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়