ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না মৌয়ালরা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৪৩, ১৫ এপ্রিল ২০২৬
আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না মৌয়ালরা

সুন্দরবনের ভেতরের একটি খাল।

মৌসুম শুরু হলেও চলতি বছর এখনো সুন্দরবনে যাননি বাগেরহাট জেলের অনেক মৌয়াল। বনদস্যু আতঙ্কে বাধ্য হয়ে বনে যাচ্ছেন না বলে জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, বনদস্যুদের সঙ্গে সমঝোতা ছাড়া বনে প্রবেশ ও নিরাপদে মধু সংগ্রহ অসম্ভব হয়ে পড়েছে। একাধিক দস্যু দলের চাহিদা অনুযায়ী টাকা না দিলে অপহরণ, নির্যাতন ও প্রাণনাশের ঝুঁকি থাকে। বনে প্রবেশ করতে নৌকা প্রতি তারা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত দাবি করছে। 

বন বিভাগ সূত্র জানায়, সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হয়েছে ১ এপ্রিল। চলবে ৩১ মে পর্যন্ত। মৌসুম শুরু হলেও এবার মৌয়ালরা তুলনামূলকভাবে কম পাস নিচ্ছেন। চলতি মৌসুমে পূর্ব সুন্দরবনের বাগেরহাট এলাকায় ১ হাজার কুইন্টাল মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বনদস্যুদের আতঙ্কে মৌয়ালরা বনে না যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

আরো পড়ুন:

নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন মৌয়াল জানান, বছরের এই সময়টিতে তারা সুন্দরবনে মধু সংগ্রহে গেলেও এ বছর বনদস্যুদের ভয়ে এখনা বনে যেতে পারেননি। বনদস্যুদের সঙ্গে যোগাযোগ করে টাকা দিয়েই বনে ঢুকতে হয়। তা নাহলে অপহরণ ও নির্যাতনের ঝুঁকি থাকে। বনদস্যুদের সঙ্গে কথাবার্তা চলছে, বনিবানা হলেই মধু সংগ্রহে যাবেন তারা।

শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা (রেঞ্জার) মো. খলিলুর রহমান বলেন, ‍“চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১টি নৌকায় ৭৫ জন মৌয়াল সুন্দরবন গেছেন। দস্যু আতঙ্কে এবার মৌয়ালদের বনে যাওয়ার আগ্রহ কমে গেছে। গতবছর শরণখোলা স্টেশন থেকে মৌসুমের প্রথমদিনেই মৌয়ালরা ২৯টি পাস নিয়েছিল, কিন্তু এবছর দস্যুদের আতঙ্কে পুরো মৌসুম জুড়ে ২৯টি পাস নেবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।” 

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, “চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে এখন পর্যন্ত ৩১টি  নৌকা পাস নিয়ে ২০১ জন মৌয়াল মধু সংগ্রহ করতে গেছেন। বনদস্যু জাহাঙ্গীর বাহিনী চাঁদা দাবি করায় ৬টি নৌকা মধু সংগ্রহ না করেই ফিরে এসেছে।” 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, “চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪২টি নৌকা পাস নিয়ে ২৭৬ জন মৌয়াল মধু আহরণে গেছেন। গত বছর মৌসুমজুড়ে ২০০টি পাস নিয়ে ১৩০০ মৌয়াল মধু আহরণে গিয়েছিল। গতবছর ৬৫০ কুইন্টাল মধু ও ২০০ কুইন্টাল মোম উৎপাদন হলেও এবছর মৌয়ালদের অনাগ্রহে এই পরিমাণ উৎপাদন নিয়ে শঙ্কা রয়েছে। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মৌয়ালদের এই অনাগ্রহ সৃষ্টি হয়েছে।” 

তিনি বলেন, “মৌয়ালদের নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। মৌয়ালরা দস্যুদের কবলে পড়লে তাদের উদ্ধার করতে বনরক্ষীরা তৎপর রয়েছে।”

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বনদস্যুদের ধরতে একের পর এক অভিযান চলছে। সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের তৎপরতা অব্যাহত আছে।

বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “সুন্দরবনে দস্যু দমনে আমরা সব সময় তৎপর রয়েছি। ইতোমধ্যে কয়েকটি অভিযানে কিছু বনদস্যু অস্ত্রসহ আটক হয়েছে। সুন্দরবনে যাতে নিরাপদে জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ সব ধরনের বনজীবীরা প্রবেশ করতে পারেন এজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি অচিরেই বনদস্যু দমন হবে।” 

ঢাকা/আমিনুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়