রাজশাহীর অদম্য পাঁচ নারীকে সম্মাননা
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রযাত্রা ও সক্ষমতাকে স্বীকৃতি দিতে রাজশাহী বিভাগের পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।
বিভাগীয় পর্যায়ে মোট ৪০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সেখান থেকে পাঁচজনকে বিভাগীয় সেরা ‘অদম্য নারী’ ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলেন—শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বগুড়ার শেরপুর উপজেলার রিজু তামান্না; সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম; বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পাবনা সদর উপজেলার মোছা. লতা খাতুন; সফল জননী নারী ক্যাটাগরিতে রাজশাহীর মোহনপুর উপজেলার রাশেদা বেগম এবং নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে রাজশাহীর চারঘাট উপজেলার রাজিয়া খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বজলুর রশীদ বলেন, “নারীরা আজ শুধু পরিবার নয়, রাষ্ট্র ও সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। প্রতিকূলতা পেরিয়ে যারা এগিয়ে যাচ্ছেন, তাদের স্বীকৃতি দেওয়া মানে পুরো সমাজকে এগিয়ে নেওয়া। অদম্য নারীদের এই সম্মাননা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরো বলেন, “অংশগ্রহণকারী ৪০ জন নারীর জীবনের চ্যালেঞ্জ ও সংগ্রামের গল্প নিয়ে ডকুমেন্টেশন ও প্রচার চালানো যেতে পারে।” নারীর শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রিজু তামান্না বলেন, “সুযোগ পেলে নারীরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।”
সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে সম্মানিত সুমাইয়া ইসলাম বলেন, “নারীরা ধ্বংসের দ্বারপ্রান্ত থেকেও ঘুরে দাঁড়াতে পারে। সমাজের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় থেকেই তার পথচলা।”
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম।
ঢাকা/মাহী/জান্নাত