ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় পাঁচ নারী পেলেন অদম্য নারী সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১ মার্চ ২০২৬  
খুলনায় পাঁচ নারী পেলেন অদম্য নারী সম্মাননা

খুলনা বিভাগীয় পর্যায়ে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা অনুষ্ঠানে পাঁচজন নারীকে স্বীকৃতিস্বরূপ ‘অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

রবিবার (১ মার্চ) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মো: মোখতার আহমেদ বলেন, “দেশের সকল নারীই অদম্য। শিক্ষা হলো আলো, আর আলো হলো নূর, আজকের সফল নারীরা সেই নূরের অংশ। সমাজে নারী ও পুরুষের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, বহু প্রতিবন্ধকতা অতিক্রম করেই নারীদের সাফল্য অর্জন করতে হয়। টাকা বা পুরস্কার বড় বিষয় নয়; বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি পাওয়াই মূল অর্জন। আজকের বিজয়ীরা শুধু নিজেদের জন্য নয়, পরিবার ও সমাজের পক্ষ থেকেও সম্মান অর্জন করেছেন।“ মেয়েদের কাজকে ‘মেয়ে’ হিসেবে নয়, ‘মানুষ’ হিসেবে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় শ্রেষ্ঠ অদম্য নারী ও তাদের অভিভাবক, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী কুষ্টিয়ার ভেড়ামারার মোছা. ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের লুৎফুন নেছা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী ক্যাটাগরিতে যশোর সদরের শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোছা. রাজিয়া খাতুন।

ঢাকা/নুরুজ্জামান/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়