টিকটক ভিডিও করতে গিয়ে মিলল ‘শিয়ালে খাওয়া’ লাশ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুরে শালবনের ভেতর টিকটক ভিডিও করতে গিয়ে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পায় কয়েকজন কিশোর। পরে তারা ৯৯৯-নম্বরে ফোন করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, টিকটক ভিডিও করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করে। পরে সামনে এগিয়ে গিয়ে মাটি চাপা অবস্থায় লাশটি দেখতে পায়।
টিকটক করতে যাওয়া এক কিশোর বলে, আমরা বিভিন্ন স্থানে ভিডিও শুট করি। বৃহস্পতিবার শালবনের ভেতর ঢোকার পর দুর্গন্ধ পাই। পরে দেখি মাটি চাপা দেওয়া একটি লাশ।
এ সময় সে দাবি করে, শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি উপরে উঠে আসে। তবে, আসলেই শিয়াল খেয়েছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।
জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “৯৯৯-এ খবর পেয়ে মাটি চাপা অবস্থায় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি এখানে পুঁতে রাখা হয়েছিল। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
ঢাকা/রেজাউল/রাজীব