লাকসামে ট্রাকচাপায় ২ বোন নিহত
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তরদা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন জাহানারা বেগম ও আনোয়ারা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লাকসাম হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “ট্রাকচাপায় দুই বৃদ্ধা নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পলিয়ে গেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”
ঢাকা/রুবেল/রাজীব