ঘরের এক কক্ষে মা, আরেক কক্ষে ঝুলছিল মেয়ের লাশ
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির বাইরে থেকে আসা ফারহানার শাশুড়ি ঘরের দরজা-জানালা বন্ধ পান। এ সময় ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।
প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, “ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এক কক্ষে মা, আরেক কক্ষে মেয়ের ঝুলন্ত লাশ দেখি। থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করছি, মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।”
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/রুবেল/রাজীব