বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার কাছাকাছি দাঁড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার (২ মার্চ) বেলা ৩টায় বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কক্ষে এ ঘটনা ঘটে।
জ্যেষ্ঠ দুই নেতার এমন আচরণে অনেকেই অবাক হয়েছেন, কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কার্যালয়ে যান। এ সময় তার সঙ্গে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।
এ সময় প্রার্থীর পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কাছে থাকা নেতাকর্মীরা গিয়ে তাদেরকে নিবৃত্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে আলী আজগর তালুকদার হেনা বলেন, “নির্বাচন কার্যালয়ের ভিতরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। ওখানে তো ভিড়, ঠেলাঠেলি শুরু হয়। এটা নিয়েই ও (নাহিন) তো আমার সঙ্গে যা-তা আচরণ করল। সে কি আমাকে চেনে না? যাই হোক, যেহেতু আমরা সিনিয়র; আমাদেরকেই অনেক কিছু মেনে নিতে হবে।”
এ বিষয়ে শেখ তাহা উদ্দিন নাহিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও সাড়া মেলেনি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে দাঁড়ানো নিয়ে এ ঘটনা ঘটেছে। পরে এর সমাধান হয়েছে।”
ঢাকা/এনাম/রাজীব