ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে লোহাগড়ার কৃষকদের

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৩ মার্চ ২০২৬  
পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে লোহাগড়ার কৃষকদের

সরকারি প্রণোদনা ও ভালো দাম পাওয়ায় পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছেন নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রার বেশি জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে। 

লোহাগড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ২০২৪-২০২৫ অর্থবছরে ৩১০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছিল। এ বছর ৩২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ অঞ্চলে বারি-৪ ও তাহেরপুরী জাতের পেঁয়াজ চাষ করেন কৃষকরা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানিয়েছেন, ৪-৫ বছর আগেও এ উপজেলার কৃষকরা পেঁয়াজ চাষ করে উৎপাদন খরচ ঘরে তুলতে পারেননি। তিন বছর ধরে পেঁয়াজের দাম বেশি হওয়ায় অন্যান্য ফসল ছেড়ে কৃষকরা পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছেন।

শালনগর ইউনিয়নের গ্রামের কৃষক ইউপি সদস্য আলমগীর বলেছেন, “গত বছর আমি ১ একর জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। ভালো দাম পাওয়ায় এ বছর দুই একর জমিতে পেঁয়াজের চাষ করেছি। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে বলে আশা করছি।”  

জয়পুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের কৃষক আজিবর মোল্যা বলেছেন, “এ বছর আমি প্রথম ৪০ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছি। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়েছি। ভালো দাম পেলে আগামীতে আরো বেশি জমিতে পেঁয়াজ চাষ করব।”

চর কালনা গ্রামের কৃষক বুলবুল আনিস বলেন, “পাঁচ বছর আগে বাজারে পেঁয়াজের দাম ভালো ছিল না। আমি পেঁয়াজ বাদ দিয়ে অন্য ফসল চাষ করেছিলাম। দুই-তিন বছর ধরে বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় এ বছর এক একর জমিতে পেঁয়াজ চাষ করেছি।”

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মুনমুন সাহা বলেছেন, “ভালো দাম পাওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে ঝুঁকছেন। চলতি মৌসুমে উপজেলায় ৩২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করি, এ বছর পেঁয়াজের ফলন ভালো হবে। এ এলাকার মাটি পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী।” 

ঢাকা/শরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়