মাদক ছাড়ার ঘোষণা দিয়ে মাইকিং করলেন যুবক
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে মাদক ছাড়ার ঘোষণা দিয়ে মাইকিং করেন ফাইম
“আমি আর মাদক সেবন করব না। একইসঙ্গে এলাকায় অন্য কাউকে মাদক সেবন করতেও দেব না।” এভাবেই মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় মাইকিং করেছেন এক যুবক। এমন ব্যতিক্রমী কাণ্ডে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা দেওয়া যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মহল্লার জিয়াউর রহমানের ছেলে। ইস্তা মসজিদ মোড়সহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি এলাকায় মাইকিং করেছেন ফাইম।
একটি অটোরিকশায় মাইক নিয়ে ঘুরে ঘুরে ফাইম বলেন, “এই এলাকার সকল মাদকসেবী ভাইদের বলছি, আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করতাম, তবে আজ থেকে আর করব না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন, তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।”
ফাইম হোসেন জানিয়েছেন, নিজের ৩৫০ টাকা খরচ করে তিনি মাইকিং করেছেন। সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজনের সঙ্গে অপমানজনক ঘটনার পর তিনি ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, “আমি সত্যিই মাদক ছাড়তে চাই। এলাকাতেও যেন কেউ মাদক সেবন করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ একে সাময়িক আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। তবে, ব্যতিক্রমী এ মাইকিং এখন এলাকায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেছেন, “বিষয়টিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তাকে সাধুবাদ জানাই। সে যদি তার কথা রাখতে পারে তাহলে বিষয়টি সমাজের জন্য ইতিবাচক। সে আবার পুনরায় মাদকের সাথে জড়িয়ে পড়ে কি না, তা আমরা খেয়াল রাখব।”
ঢাকা/শাহীন/রফিক