খাদেম হত্যা মামলা: সুরেশ্বর দরবার শরিফের পীর গ্রেপ্তার
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরিফের পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরিফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলায় দরবারের বর্তমান পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নড়িয়া থানা পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ অক্টোবর বিকেলে ৪টার দিকে বাড়ি থেকে বের হন জয়নাল। রাত ৯টার দিকে মায়ের ওষুধ নিয়ে বাড়িতে এসে আবার বেরিয়ে যান। কিন্তু, রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
পরদিন স্থানীয় একটি গ্যারেজে তার ব্যবহৃত চেয়ার-টেবিল দেখতে পান স্বজনেরা। ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুরে বস্তাবন্দী মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ ঘটনায় নিহতের মেয়ে ২৫ অক্টোবর নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে শনাক্ত করে।
এর মধ্যে রবিন শেখ নামে একজনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করে পুলিশ।
নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, “গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”
ঢাকা/আকাশ/রাজীব