বিএসএফের স্পিডবোটের আঘাতে বাংলাদেশি জেলে আহত, নিখোঁজ ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে বিএসএফের ধাওয়ার মুখে পড়েন বাংলাদেশি জেলেরা। এ সময় নৌকা থেকে নদীতে ঝাপ দেওয়া এক জেলে বিএসএফের স্পিডবোটের পাখার (প্রপেলার) আঘাতে আহত হন এবং একজন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রঘুনাথপুর বিওপির সীমান্ত পিলার ৭/৩ এস এলাকা থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে পদ্মা নদীতে ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তির নাম মো. মোরদেশ (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মনিরের ছেলে। নিখোঁজ ব্যক্তির নাম মো. ফকির (৩০)। তিনি একই গ্রামের চাঁদ মোহাম্মদের ছেলেে।
স্থানীয় সূত্র জানায়, জেলেরা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে মোরশেদ নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন। এ সময় বিএসএফের স্পিডবোটের পাখার আঘাতে তার শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। আহত অবস্থায় তিনি ফিরে আসতে পারলেও মো. ফকির নিখোঁজ রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “জেলেরা ভারতের ভেতরে মাছ ধরতে গেলে বিএসএফের ধাওয়ার মুখে পড়েন। একজন আহত হয়ে ফিরে এসেছেন এবং একজন নিখোঁজ আছেন। বিএসএফ কাউকে আটক বা আহত করার কথা অস্বীকার করেছে। নিখোঁজ জেলের পরিবার বিজিবি ক্যাম্পে কোনো লিখিত অভিযোগ দেয়নি। বিজিবি পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”
ঢাকা/মেহেদী/মাসুদ