মুন্সীগঞ্জে রাতে টর্চ জ্বালিয়ে ২ পক্ষের সংঘর্ষ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বুধবার রাতে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পূর্ব বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এ সময় ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পাশ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা/রতন/মাসুদ