দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: মন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে দেশে নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, “অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।”
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর আসাদগেট এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রীর পিএ আব্দুল্লাহ আল কায়েস এ-সংক্রান্ত ভিডিও ফেসবুকে পোস্ট করেন।
ভিডিওতে টুকুকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুত না করার পরামর্শ দেন।
পেট্রোল পাম্পের মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “কাউকে অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ করবেন না। স্বাভাবিক চাহিদার বাইরে কাউকে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না।”
ঢাকা/রাসেল/রাজীব