সেহরির সময় অস্ত্রের মুখে বসতঘরে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের চকরিয়ায় সেহরির সময় অস্ত্রের মুখে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়ার সবুজপাহাড় এলাকার বোরহান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নূরুল হাকিমের ছেলে।
বোরহান উদ্দিন বলেন, “সেহরির সময় পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে রান্নাবান্না ও নামাজে ব্যস্ত ছিলেন। এ সময় সংঘবদ্ধ ডাকাতদল দরজায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। ডাক-চিৎকার করলে আমাকে মারধর করে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখে। আমার ছোট বোন বাড়িতে বেড়াতে এসেছিল। ডাকাতরা তার গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন, এক ভরি ওজনের দুটি আংটি, এক ভরি ওজনের এক জোড়া কানের দুল, একটি মোবাইল ও ব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া, আলমারিতে রাখা আমার মায়ের ১৫ হাজার টাকা, আমার একটি মোবাইল ও পাঞ্জাবির পকেটে থাকা ৫ হাজার টাকাও লুট করে নেয়।”
চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদুল আলম বলেন, “মহাসড়কের পাশে অবস্থিত ওই বসতবাড়িতে সেহরির সময় ডাকাতির ঘটনা ঘটেছে বলে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরে ভাঙচুর ও লুটপাটের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/তারেকুর/রাজীব