ইবিতে শিক্ষক হত্যা: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বহিষ্কার, তদন্ত কমিটি
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকবরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা পৃথক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।
সাময়িকভাবে বরখাস্ত ব্যক্তিরা হলেন—সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
ইবির চাকরি শৃঙ্খলা বিধির ১৫(খ) ধারা অনুযায়ী গত ৫ মার্চ তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(খ) ধারা অনুযায়ী ৫ মার্চ থেকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
বরখাস্তকালীন বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তারা জীবনধারণ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য সচিব করা হয়েছে।
আদেশ বলা হয়েছে, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় সুপারিশসহ একটি সঠিক প্রতিবেদন দাখিলের জন্য উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঠিক ও প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে কমিটির সদস্য সচিব গোলাম মওলা বলেছেন, “চিঠি পাওয়ার পরপরই কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করব।”
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান বলেছেন, “আমি মাত্রই চিঠি পেয়েছি। আগামী পরশুদিন (সোমবার) সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে মিটিং আছে। সদস্য সচিবকে কমিটির সদস্যদের চিঠি দেওয়ার জন্য বলেছি।”
গত বুধবার (৪ মার্চ) বিকেলে সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইবি থানায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। পরদিন আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা।
ঢাকা/কাঞ্চন/রফিক