তারাবির ভিডিও বিকৃত করে প্রচার, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত মো. কাউসার আলী
চাঁপাইনবাবগঞ্জে তারাবির নামাজের দৃশ্য ধারণ করে বিকৃতভাবে ফেসবুকে প্রচারের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মো. কাউসার আলীকে (২৭) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার রাতে পৌর এলাকার স্বরূপনগর এলাকায় তাকে মারধর করা হয়। রবিবার (৮ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনার মোড় জামে মসজিদের খতিব ও ইমাম মো. নূরুল আলম অভিযুক্ত কাউসারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মসজিদের ইমাম মো. নূরুল আলম যখন তারাবির নামাজ পড়াচ্ছিলেন, তখন অভিযুক্ত কাউসার নামাজের দৃশ্য ভিডিও করেন। পরবর্তীতে সেই ভিডিওটি এডিট করে ‘৪-জি তারাবি’ ক্যাপশনে নিজের ফেসবুক পেজে আপলোড করেন তিনি। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে ইমাম ও মুসল্লিরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ভিডিওটি সরিয়ে ফেলতে বললে কাউসার উল্টো ইমাম-মোয়াজ্জিনকে ভয়ভীতি ও হুমকি দেন। এই ঘটনায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার রাতে স্বরূপনগর এলাকায় কাউসার আলীকে দেখতে পেয়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “ইমাম সাহেবের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।”
ঢাকা/মেহেদী/মাসুদ