মধ্যরাতে বাসের ধাক্কায় চায়ের দোকানে মিনি ট্রাক, নিহত ১
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রফিক আহমদ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ডাম্পারের (মিনি ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় চায়ের দোকানে থাকা রফিক আহমদ (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
শনিবার (৭ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রফিক লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেটের চাচা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে জিদ্দাবাজার স্টেশনের কাছে একটি মিনি ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস। এতে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানে থাকা দুই ব্যক্তি চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে রফিক আহমদের মৃত্যু হয়।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/মাসুদ