ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: আরিফুল হক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৮:০৩, ৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, “যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি শ্রমিক কাজে যেতে পারছেন না এবং তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক কাজ করছে।”

রবিবার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার। তাদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে এবং কেউ আহত হলে চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হবে। পরিস্থিতি আরো খারাপ হলে প্রয়োজন অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার ভাবছে।”

আরিফুল হক চৌধুরী বলেন, “প্রবাসীদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল প্রতিদিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।”

তিনি বলেন, “যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।”

ঢাকা/মোসাইদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়