বিরল প্রজাতির ব্রাউন বুবক উদ্ধার
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
সোমবার (৯ মার্চ) দুপুরে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহতাবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। এর আগে, রবিবার ওই এলাকার বিলকিস জাহান নামে এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করেন।
অ্যানিমেল লাভারসের সদস্যরা জানান, ডান পাখায় ক্ষত থাকায় পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় পাখিটি অবমুক্ত করা হবে।
নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক বা বাদামী বুবকের চোখ অনেক বড় এবং হলুদ। বড় বড় চোখে চাহনির কারণে অনেক প্রাণী পাখিটিকে ভয় পায়।
বিলকিস জাহানের মেয়ে সুমি বলেন, “রবিবার দুপুরে বাসার ছাদে অসুস্থ অবস্থায় পাখিটি দেখতে পান মা। তিনি পাখিটি ঘরে নিয়ে এলে আমি সেটিকে বিভিন্ন খাবার দেই এবং সুস্থ করার চেষ্টা করি। সোমবার সকালে অ্যানিমেল লাভারস কলাপাড়া শাখার সদস্যদের খবর দিলে তারা পাখিটি প্রাণিসম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করে।”
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য মো. কাওসার বলেন, “উপকূলীয় এলাকায় আগে ব্রাউন বুবক দেখা যেত। কিন্তু এখন আর দেখা যায় না। পাখিটি আহতাবস্থায় উদ্ধার করে প্রাণিসম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে পাখিটি আমাদের সেডে রয়েছে। পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তা অবমুক্ত করব।”
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান বলেন, “পাখিটির ডান পাখায় কিছুটা ক্ষত রয়েছে। যে কারণে উড়তে পারছে না। পাখিটিকে চিকিৎসা এবং ঔষধ দেওয়া হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যে আকাশে উড়তে পারবে।”
ঢাকা/ইমরান/রাজীব