কৃষিজমিতে ৭ ল্যান্ডমাইন, ১০ দিন ধরে পাহারায় পুলিশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চুয়াডাঙ্গা সদর উপজেলা মাখালডাঙ্গা গ্রামে কৃষিজমিতে সাতটি শক্তিশালী ল্যান্ডমাইন পাওয়া গেছে। সেগুলো নিস্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, বোমা নিষ্ক্রিয়কারী দল না আসায় ১০ দিন ধরে সেগুলো পাহারা দিচ্ছে পুলিশ। ল্যান্ডমাইন দেখতে শত শত মানুষ সেখানে ভিড় করছেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) কৃষক সাইফুল তার জমিতে সেচ দেওয়ার জন্য নালা খননকালে মাইনগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এর পর থেকে পুলিশ সেগুলো পাহারা দিচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, এসব ল্যান্ডমাইন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর ব্যবহারের জন্য আনা হয়েছিল। যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশ ত্যাগ করে, তখন তারা এগুলো পুঁতে রেখে যেতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করে বোমা নিস্ক্রিয়কারী দল পাঠাতে বলা হয়েছে। সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বোমা নিস্ক্রিয়কারী দল আসেনি।
এ বিষয়ে স্থানীয় আব্দুল লতিফ বিশ্বাস ও মাখালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, “ল্যান্ডমাইনগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের। সে সময় বহু পাকিস্তানি সৈন্য মাখালডাঙ্গা গাড়াবাড়িয়া ও দিননাথপুর এলাকায় যুদ্ধ করত। যুদ্ধ শেষে তারা চলে যাওয়ার সময় হয়ত ল্যান্ডমাইনগুলো পুঁতে রেখে গেছে।”
গাইদঘাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী বড় বড় ব্রিজ-কালভার্ট, ট্রাক, ট্যাংক ধ্বংস করতে এসব ল্যান্ডমাইন ব্যবহার করত। যুদ্ধের পর প্রায় ৫৫ বছর পার হতে যাচ্ছে। মাইনগুলো হয়ত আগের মতো শক্তিশালী অবস্থায় নেই। তবে, মাইনগুলোর গায়ে হলুদ রঙের লেখা স্পষ্ট ও অবয়ব নতুনের মতনই আছে।
ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসআই জালালও মনে করেন, ১৯৭১ সালে যুদ্ধে ব্যবহারের জন্য পাকিস্তানি বাহিনী এগুলো এনেছিল। বোমা নিষ্ক্রিয়কারী দল না আসা পর্যন্ত ল্যান্ডমাইনগুলো পাহারা দেওয়া হবে।
ঢাকা/মামুন/রফিক