ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিক্ষুকের কানের দুল ও নাকের নোলক ছিনিয়ে নেওয়ার অভিযোগ 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১১:৩৪, ১০ মার্চ ২০২৬
ভিক্ষুকের কানের দুল ও নাকের নোলক ছিনিয়ে নেওয়ার অভিযোগ 

বরগুনার পাথরঘাটায় এক ভিক্ষুকের কাছ থেকে কানের দুল ও নাকের নোলক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর কান ছিঁড়ে যায়। সোমবার (৯ মার্চ) পাথরঘাটার কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে।

ছিনতাইয়ের শিকার ভিক্ষুকের নাম রাবেয়া বেগম। তিনি পাথরঘাটা উপজেলার কাটাখাল এলাকায় একটি গুচ্ছগ্রামে (সরকারি আবাসনে) বসবাস করেন।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, রাবেয়া বেগম পাথরঘাটা পৌর শহরে মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবনযাপন করেন। সোমবার সকালে তিনি পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ভিক্ষা করছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার নাক থেকে নোলক এবং কান থেকে কানের দুল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের থাবায় রাবেয়া বেগমের কান ছিঁড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ‍পুলিশকে ঘটনাটি জানানো হয়।

ভিক্ষুক রাবেয়া বেগম বলেন, “হঠাৎ করে কয়েকজন লোক এসে আমার নাকের নোলক ও কানের দুল টান দিয়ে নিয়ে যায়। আমার কান ছিঁড়ে গেছে। আমি আমার কানের দুল ও নাকের নোলক ফেরত চাই।”

পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেল বলেন, “রাবেয়া নামে এক বয়স্ক ভিক্ষুক রক্তাক্ত অবস্থায় আমার কাছে এসে তার নাকের নোলক ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা জানায়। পরে আমি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ঘটনাটি আমি পুলিশকেও জানিয়েছি।”

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাংচেনলা বলেন, “ঘটনাটি এক সাংবাদিকের মাধ্যমে শুনেছি। ছিনতাইকারীদের ধরতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যাচাই করে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করি, খুব দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়