ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে গৃহবধূকে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ১০ মার্চ ২০২৬  
পটুয়াখালীতে গৃহবধূকে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ 

গৃহবধূকে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে মুখ বেঁধে খালে ফেলে দেওয়া এবং চুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টায় ওই নারীকে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার স্বামী বাদল হাওলাদার ও বাবার বাড়ির লোকজন।

ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

হাসপাতালের বিছানায় কাঁদো কাঁদো কন্ঠে রুবিনা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে তার স্বামীর সঙ্গে তার শ্বশুর শহীদ হাওলাদার, ভাসুর, ননদ, জা, দেবর এবং চাচা শ্বশুরের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় তার চাচা শ্বশুর মনির তার স্বামীকে হত্যা করার হুমকি দেয়। যে কোনো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাকেও দোষারোপ করেন তারা।  

তিনি আরো জানান, আজ ভোররাতে তিনি সেহরি খাওয়া ও নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে বের হন। এ সময় পেছন থেকে তাকে ৪ থেকে ৫ জন মিলে মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে খালের মধ্যে ফেলে দেয় এবং তাকে চুবিয়ে মারার চেষ্টা করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদল হাওলাদার বলেন, ‘‘আমি রাতে এলার্জির ওষুধ খেয়ে ঘুমিয়েছি। যার কারণে কিছু টের পাইনি। সকালে উঠে স্ত্রীকে না পেয়ে আমি এবং আমার দুই সন্তান দিগ্বিদিক ছোটাছুটি করি। অনেক খোজাখুজির পর খালপাড়ে গিয়ে দেখি আমাদের প্রতিবেশী দুই নারী আমার স্ত্রীকে খাল থেকে টেনে তোলার চেষ্টা করছেন। পরে আমিও তাদের সঙ্গে আমার স্ত্রীকে তুলে হাসপাতালে নিয়ে আসি।’’

রুবিনার ভাই মো. কালাম মিয়া বলেন, ‘‘গত রাতে আমার তালই শহীদ হাওলাদার আমাকে ফোন দিয়ে তার বাড়িতে ঝামেলা হয়েছে বলে জানান। পরে সকালে আমার বোনকে খাল থেকে উদ্ধার করা হয়। আমার বোনকে হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফেরে।’’ 

এ বিষয়ে জানতে রুবিনার শ্বশুর শহীদ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়