ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে যুবদল নেতার হুমকি, কর্মবিরতি

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১১ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫৫, ১১ মার্চ ২০২৬
টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে যুবদল নেতার হুমকি, কর্মবিরতি

কিশোরগঞ্জে কাজের টেন্ডার না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়। (ছবিটি সিসি ক্যামেরা ফুটেজ থেকে নেওয়া)

নীলফামারীর কিশোরগঞ্জে কাজের টেন্ডার না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সকাল থেকে কর্মবিরতি পালন করছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে এমন চিত্র দেখা যায়। এতে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যায়।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সামগ্রী সরবরাহের টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের পর দশটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে কাজ পায় বাঁধন ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মেধা কনস্ট্রাকশন কাজ না পাওয়ায় মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান কয়েকজন ব্যক্তিকে নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে যান। এ সময় সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কেন কাজ দেওয়া হলো না, সেটি জানতে চায়। একপর্যায়ে যুবদল নেতাসহ সঙ্গে থাকা কয়েকজন ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তার টেবিল ধাপড়ে তাকে বিভিন্ন হুমকি দেন।  

চিকিৎসা নিতে আসা মতিউর রহমান বলেন, ‘‘সকালে হাসপাতালে এসেছি। এখানে চিকিৎসক বসেননি। এজন্য ফিরে যাচ্ছি। শুনলাম চিকিৎসককে কেউ হুমকি দিয়েছেন।’’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার বুলবুল আহমেদ বলেন, ‘‘মঙ্গলবার (১০ মার্চ) সকালে আমরা স্যারসহ হাসপাতালের একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এ সময়ে যুবদলের হাসানুরসহ কয়েকজন এসে টেন্ডার না পাওয়ার কারণে স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময়ে তারা বলেন তাদের টেন্ডার দিতে হবে। যে টেন্ডার হয়েছে, সেটি স্থগিত করে তাদের নামে দেন।’’ 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিপি বেগম বলেন, ‘‘আমাদের স্বাস্থ্য কর্মকর্তাকে কয়েকজন ব্যক্তি এসে হুমকি দিয়েছেন, এ জন্য আজকে আমরা সবাই কর্মবিরতি পালন করছি। যতক্ষণ এর সঠিক বিচার পাব না, ততক্ষণ আমরা কাজে ফিরব না।’’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নীল রতন দেব বলেন, ‘‘টেন্ডার হয়েছিল সেখানে সব নিয়ম মেনে করা হয়েছে। সেখানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার না পেয়ে আমার কক্ষে এসে বিভিন্নভাবে হুমকি দেয়। তাদের দুইজনকে চিনি। একজন যুবদলের হাসানুর রহমান, আরেকজন লায়ন।’’

এ বিষয়ে থানায় জিডি করেছেন বলে জানান তিনি। 

উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান বলেন, ‘‘আপনি যেটা বলছেন সবই ঠিক আছে। আমি কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজির সঙ্গে নাই।’’ 

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ বিষয়ে একটি জিডি করেছেন। সেখানে কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে চিকিৎসক ও নার্সররা মানববন্ধন করেছেন।

ঢাকা/সিথুন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়