‘মদ খাওয়ার’ টাকা না পেয়ে চেয়ারম্যানের টেবিল-চেয়ার ভাঙলেন ইউপি সদস্য
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের কামারখন্দে ‘মদ খাওয়ার’ টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিষদের প্যানেল চেয়ারম্যানের কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে হুমায়ন কবির নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ন কবির একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ইউপি সদস্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে কয়েকজনের কাছে মদ খাওয়ার জন্য টাকা দাবি করেন। কেউ টাকা না দিলে তিনি উত্তেজিত হয়ে প্যানেল চেয়ারম্যানের কক্ষে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় ওই ইউপি সদস্য মদ্যপ ছিলেন বলেও দাবি করেন তারা।
জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা পরিস্থিতির মাসিক মিটিংয়ে ছিলাম। সেখান থেকে এসে দেখি, আমার কক্ষের টেবিল-চেয়ার ভাঙা। খোঁজ নিয়ে জানতে পারি, মেম্বার হুমায়ুন কবির এসব করেছেন।”
তিনি আরো বলেন, “মদ খেয়ে মাঝে মধ্যে হুমায়ন আমার কাছে টাকা চান। না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর আগে তিনি মাতাল হয়ে এক গ্রাম পুলিশকে আঘাত করেছিলেন।”
অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য হুমায়ুন কবিরের মোবাইলে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তিনি বলেন, “অনিয়মের বিষয়ে বললে চেয়ারম্যান কোনো কাজ করেন না। তাই ভাঙচুর করেছি।”
এ সময় মোবাইলেই চেয়ারম্যানকে গালিগালাজ করতে থাকেন তিনি।
কামারখন্দ থানার ওসি হাশমত আলী বলেন, “বিষয়টি জানার পরই ইউনিয়ন পরিষদে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বলেন, “ইউনিয়ন পরিষদে এ ধরনের মাস্তানির সুযোগ নেই। প্যানেল চেয়ারম্যানকে অভিযোগ ও থানায় সাধারণ ডায়েরি করতে বলেছি।”
ঢাকা/রাসেল/রাজীব