ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৩

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ১২ মার্চ ২০২৬  
চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৩

পাবনার চাটমোহর উপজেলায় ভ্যান ছিনতাই করতে ইমরান হোসেন (১৭) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের চাচাতো ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ইমরান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

আরো পড়ুন:

নিহত ইমরান হোসেনের নিকট আত্মীয় সাদ্দাম হোসেন জানান, বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শুকুরভাঙ্গা এলাকা থেকে ইমরান হোসেনের ব্যাটারিচালিত ভ্যান ভাড়া নেয় তার আপন চাচাতো ভাই সুমন হোসেন। এ সময় হেলালসহ আরো দুজন তার সঙ্গে ছিলেন।

ভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন তারা। পরে রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের জন্য ইমরানকে মারধর করে। চাচাতো ভাইসহ তার সহযোগীরা ইমরানকে ফাঁস দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেয়।

তিনি জানান, পরিবারের লোকজন ইমরানকে খুঁজে না পেয়ে এলাকার বাজারে এসে জানতে পারে, তিন ব্যক্তিকে নিয়ে ভাড়ায় গেছে ইমরান। পরিবার ও এলাকাবাসী ওই তিনজনকে খুঁজতে খুঁজতে ভাঙ্গুড়া উপজেলায় চাচাতো ভাইয়ের বাড়িতে পৌঁছায়। এ সময় তাদের কথা অসংলগ্ন মনে হলে এবং তথ্য প্রমাণ পাওয়া গেলে তাদের আটক করে চাটমোহর নিয়ে আসে এলাকাবাসী। পরে স্বজন এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ইমরানকে মেরে শ্মশান এলাকায় ফেলে রাখা হয়েছে। বুধবার রাতেই পুলিশে খবর দেন নিহতের পরিবারের লোকজন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, “বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল থেকে নিহত ইমরানের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। একই সময় অভিযুক্ত তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মরগে পাঠানো হবে।” 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়